ভিকারুননিসায় শেষ হলো নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ মেলা
বাংলাদেশে নারী শিক্ষার অগ্রদূত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোডের প্রধান ক্যাম্পাস অডিটরিয়ামে দুই দিনব্যাপী বিশেষ মেলা ‘ভিকিস মিনাবাজার ২০২৬’ আয়োজন করে ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আজ শনিবার (৭ মার্চ) ছিল আয়োজনের শেষ দিন।
ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের ৭৫ বছরে পদার্পণ উপলক্ষে বছরব্যাপী উদযাপনের অংশ হিসেবে এবং ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ভিকারুননিসার নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়।
দুইদিনের এই আয়োজনের শেষ দিনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন।
এছাড়া ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের প্রধান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগম, শাখা প্রধান, শিক্ষক, ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ব্যারিস্টার ইফফাত গিয়াস ও নির্বাহী পরিচালক ডা. আফসানা আলমগীর খানসহ কার্যকরী পরিষদ ও এফবিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
ড. মাহাদী আমিন তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার নারীবান্ধব পলিসি গ্রহণ করছে যার মধ্যে উল্লেখযোগ্য ‘ওয়ান স্টপ সল্যুশন প্রজেক্ট’। নারীদের জন্য ইকো সিস্টেম গড়ে তোলা যাতে গ্রামের নারীরা ক্ষুদ্র ও কুটিরশিল্প গড়ে তুলতে পারে। প্রতি মাসে নারীদের নামে ২৫০০ টাকা ফ্যামিলি কার্ডের আওতায় চলে যাবে। নারী উদ্যোক্তাদের কর মওকুফসহ নানা রকম রাষ্ট্রীয় সহযোগিতা প্রদান করবে সরকার। নারীদের সুরক্ষার জন্য উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও আইনি সহায়তা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম এই স্কুলকে বিশ্বের রোল মডেল হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা ব্যক্ত করে বলেন, কারিকুলাম ও শিক্ষার সামগ্রিক মান ও পরিবেশ উন্নয়নের জন্য সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে ভিকারুননিসা স্কুল ও কলেজ।
ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফাফাত গিয়াস প্রধান অতিথির কাছে ভিকারুননিসা স্কুলের ভর্তি প্রক্রিয়াকে লটারিমুক্ত করার অনুরোধ জানান। তিনি বলেন, ভিকারুননিসা স্কুল এবং শিক্ষা মন্ত্রণালয়ের যেকোনো কার্যক্রমে সহায়তা করবে ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
নির্বাহী পরিচালক ডা. আফসানা বলেন, ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য ভবিষ্যৎ নেতৃত্বে নারীদের অগ্রগামী করা। ‘বন্ধুত্বের বন্ধন এবং উদ্যোক্তাদের স্বপ্ন’— এই মূলমন্ত্র নিয়ে আয়োজন করা হয় এবারের ভিকিদের মীনাবাজার।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ভিকি ঊদ্যোক্তাদের মধ্যে সেরা স্টলের স্মারক প্রদান করেন।
এবারের মিনা বাজারে ভিকি নারী উদ্যোক্তাদের পরিচালিত প্রায় ৪৫টি স্টল স্থান পায়। স্টলগুলোতে দেশি-বিদেশি শাড়ি, তৈরি পোশাক, আধুনিক জুয়েলারি, প্রসাধনী, ঘর সাজানোর সামগ্রীসহ বৈচিত্র্যময় পণ্য নজর কেড়েছে ক্রেতাদের।

নিজস্ব প্রতিবেদক