গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। কিন্তু গোপালগঞ্জে অনুকূল পরিবেশ না থাকায় পার্শ্ববর্তী ফরিদপুর ও মাদারীপুরের নিকটবর্তী উপজেলায় গোপালগঞ্জের পরীক্ষার্থীদের এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ রোববার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার কেন্দ্রগুলোতে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলা এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষা রাজৈর এবং কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আলফাডাঙ্গায়। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্র, টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজৈরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রে।

এনটিভি অনলাইন ডেস্ক