মৌলবাদ যেন ছড়াতে না পারে : রাবি উপাচার্য
মৌলবাদ যেন ছড়াতে না পারে, সেদিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপাচার্য এ আহ্বান জানান।
অধ্যাপক মিজানউদ্দিন আরো বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখতেন। যেখানে সবাই মিলেমিশে বসবাস করবে। কিন্তু সব ধর্মেই মৌলবাদ থাকতে পারে। তাই আমাদের উচিত এই মৌলবাদ যেন না ছড়াতে পারে, সেদিকে নজর রাখা।’
উপাচার্য বলেন, ‘এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান মানুষে মানুষে ভালোবাসার সম্পর্ক বাড়িয়ে দেয়। তাই সবার উচিত ধর্মীয় এসব অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করা।’
প্রতিবছরের মতো এ বছরও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। দিনটি উপলক্ষে সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে জন্মাষ্টমীর উৎসব শুরু হয়। শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে পূজার্চনা অনুষ্ঠিত হয়। এর পর আলোচনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক বলেন, ‘সব ধর্মের উদ্দেশ্য এক। সব ধর্মেই শান্তির কথা বলা হয়েছে। আসুন, আমরা সকলে মিলে বাংলাদেশকে একটা শান্তির দেশে পরিণত করি।’
সভায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিখিল রঞ্জন বিশ্বাস বলেন, ‘হিন্দুধর্মে দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে অবতারের আগমন ঘটত। ভগবান শ্রীকৃষ্ণ আগমন তেমনই ছিল। ঠিক একইভাবে পাকিস্তানিদের দমন-পীড়নের হাত থেকে বাঙালি জাতিকে রক্ষা করতে আগমন ঘটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তিনি বাঙালি জাতিকে রক্ষা করেছেন। তাই বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অবতার।’
আলোচনা সভায় আরো বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষক বিশ্বজিৎ চন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ড. জুয়েলী বিশ্বাস ও ড. রঞ্জন কুমার বর্মণ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা মো. মিজানুর রহমানসহ হল প্রাধ্যক্ষ ও সভাপতিরা।

রাবি সংবাদদাতা