কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে তিনটি ইউনিট মিলিয়ে সামগ্রিকভাবে পাসের হার দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৩০ শতাংশ। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, 'এ' ইউনিটে ৩১ হাজার ২২৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭ হাজার ২০৩ জন এবং পাসের হার ৫৫.০৮ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৫.২৫। 'বি' ইউনিটে ২৯ হাজার ৩৯৪ জন ভর্তিচ্ছুর মধ্যে পাস করেছেন ১৬ হাজার ৯৮ জন এবং পাসের হার ৫৪.৭৬ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৬.২৫। 'সি' ইউনিটে ১০ হাজার ৩৩৩ জনের মধ্যে ৬ হাজার ৬৪৮ জন উত্তীর্ণ হয়েছেন এবং পাসের হার ৬৪.৩৩ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৮।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে বিষয় পছন্দক্রম (সাবজেক্ট চয়েজ) প্রদান করতে হবে। পরীক্ষার্থীরা বৃহস্পতিবার রাত ১০টার পর থেকেই নিজ নিজ প্যানেলে লগইন করে ফলাফল দেখতে পারবেন। ভর্তিসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজের মাধ্যমে জানা যাবে।

ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়