ক্লাসরুম টু নিউজরুম, রাবিতে মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ
‘মোবাইল সাংবাদিকতার মাধ্যমে আগামী প্রজন্মের গল্পকার তৈরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোবাইল সাংবাদিকতা (মোজো) বিষয়ক দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় আধুনিক স্মার্টফোন ব্যবহার করে সংবাদ সংগ্রহ, ভিডিও ধারণ, সম্পাদনা ও সংবাদ উপস্থাপনের ব্যবহারিক কৌশল শেখানো হয়।
আজ বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২৩ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা চলাকালে শিক্ষার্থীদের বাস্তবিক কাজের সুযোগ তৈরিতে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জাতীয় দৈনিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত অধিকর্তা অধ্যাপক ড. মো. আব্দুল আলিম।
বিভাগের শিক্ষার্থী আবু ছালেহ শোয়েবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মশিহুর রহমান। পরবর্তীতে বক্তব্য দেন টিবিএসএর মাল্টিমিডিয়া প্রধান মজুমদার বাবু। ‘ক্লাসরুম টু নিউজরুম’ প্রকল্পের মূল ধারণা ও প্রশিক্ষণ পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও কর্মশালার লিড ট্রেইনার রাজীব নন্দী। অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দারসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভাগের দ্বিতীয় বর্ষ থেকে এমএসএস স্তরের মোট ৫৭ জন শিক্ষার্থী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপউপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আলিম বলেন, একসময় সংবাদ বা তথ্যের জন্য অনেক কষ্ট করতে হতো, এখন হাতের মুঠোয় থাকা মোবাইলের এক ক্লিকেই বিশ্ব পরিভ্রমণ করা সম্ভব। প্রযুক্তির এই সুবাতাস শিক্ষার্থীদের তথ্য পাওয়ার প্রক্রিয়া সহজ করেছে। টিবিএসের সঙ্গে এই চুক্তি আমাদের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব নিউজরুমের অভিজ্ঞতা অর্জনে দারুণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার রূপরেখাও বদলে গেছে। টেলিভিশন ও অনলাইনের পর মোবাইল এখন সাংবাদিকতার সবচেয়ে শক্তিশালী ডিভাইসে পরিণত হয়েছে। কেবল ছবি বা ভিডিও ধারণ নয়, মোবাইলের মাধ্যমে পেশাদার সাংবাদিকতার খুঁটিনাটি শিক্ষার্থীদের সঠিকভাবে আয়ত্ত করতে হবে।

আবু ছালেহ শোয়েব, রাবি