জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে চাই : উপাচার্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে চাই। এজন্য শিক্ষকদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে।
শনিবার বিকেলে অনলাইন প্ল্যাটফর্মে ‘অ্যাপ্লাইড আইসিটি’ বিষয়ে দেশব্যাপী প্রথম পর্বের পাঁচ দিনব্যাপী মাস্টার ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
উপাচার্য বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে উচ্চশিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহার শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও কর্মক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমেই আমরা শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে চাই।
প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, আজ যারা মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ সম্পন্ন করলেন, তারা নিজ নিজ অঞ্চলে অন্যান্য শিক্ষকদের ইন-হাউস প্রশিক্ষিত করার মাধ্যমে এই উদ্যোগকে সফল করে তুলবেন বলে আমি বিশ্বাস করি।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের কারিগরি সহযোগিতায় স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রণীত ‘অ্যাপ্লাইড আইসিটি’ বিষয়ের ওপর এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
গত ১৭ নভেম্বর থেকে ঢাকা, চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী—এই ছয়টি ভেন্যুতে একযোগে ১৮০ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ড. সরদার মো. কেরামত আলী এবং শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রোকেয়া পারভীন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)