আইডিয়াল স্কুলের ২১৪ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখায় অসচ্ছল ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বনশ্রী শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলা ও ইংলিশ ভার্সন মিলিয়ে মোট ২১৪ জন শিক্ষার্থীর মাঝে প্রায় ১৫ লাখ টাকার এই সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই সহায়তা তুলে দেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি এ কে মোস্তাফিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি শরীফ শামসুজ্জোহাসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে পড়ালেখা থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই প্রতিষ্ঠানের এই উদ্যোগ। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তারা।
সহায়তা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ও অভিভাবকরা কৃতজ্ঞতা জানান।

এনটিভি অনলাইন ডেস্ক