রাবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের পিস্তল নিয়ে কাড়াকাড়ি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে পিস্তল নিয়ে কাড়াকাড়ির ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে রাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম ও ছাত্রলীগকর্মী অনিক মাহমুদ বনির মধ্যে এ ঘটনা ঘটে।
শের-ই-বাংলা হল ছাত্রলীগ সূত্রে জানা যায়, সোমবার বাইরে বেড়াতে যাওয়ার কথা বলে রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দামের ব্যবহৃত পিস্তল নেন ছাত্রলীগকর্মী অনিক মাহমুদ বনি। এরপর তাঁদের দুজনের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে সামান্য ঝামেলা হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় সাদ্দাম বনির কাছে তাঁর অস্ত্র ফেরত চান। কিন্তু বনি তা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে অস্ত্র নিয়ে কাড়াকাড়িও হয়।
এরপর অস্ত্র ফেরত না দেওয়ায় বনিকে একটি কক্ষে আটকে রাখার চেষ্টা করেন সাদ্দাম। তবে সাদ্দামের হাতে কামড় দিয়ে বেরিয়ে যান বনি। পরে আবারও সাদ্দাম তাঁর অস্ত্র ফেরত চান। ওই সময় বনি তাঁকে গুলি করবেন বলে হুমকি দিয়ে হল থেকে চলে যান। এ নিয়ে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঘটনার পর পরই হলে পুলিশ আসায় পরিস্থিতি স্বাভাবিক ছিল।
এদিকে, ঘটনার পর রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রঞ্জু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব ও হলের প্রাধ্যক্ষ সমস্যা সমাধানের চেষ্টা করেন।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ মোস্তফা তারিকুল আহসান বলেন, ‘সামান্য ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে। আমি হলে গিয়ে দুই পক্ষের মধ্যে সমাধান করে দিয়েছি।’
অস্ত্রের বিষয়টি অস্বীকার করে বনি বলেন, ‘হলের ২০৫ নম্বর কক্ষে ছাত্রলীগের শিক্ষার্থী তোলার সামান্য এক ইস্যু নিয়ে সাদ্দাম আমাকে হুমকি দেয়। এ সময় সে আমার সঙ্গে থাকা ছাত্রলীগ নেতা জ্যাককে মারধর করে। এরই একপর্যায়ে সাদ্দামের হাতে আঘাত লাগে।’
অন্যদিকে পাল্টা অভিযোগ করে সাদ্দাম বলেন, ‘বনি আমার পিস্তল চুরি করে নিয়ে যায়। সন্ধ্যায় আমি পিস্তল চাইলে সে তা দিতে অস্বীকৃতি জানায়। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বনি আমার হাতে কামড় দেয় এবং গুলি করে দিতে চায়।’

রাবি সংবাদদাতা