রুয়েটে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মোশাররাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটিকে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শেষ করে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে।
এই তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. বেল্লাল হোসেনকে। অন্য চারজন সদস্যরা হলেন শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রাধ্যক্ষ ড. এস. এম জহুরুল ইসলাম, শহীদ শহিদুল ইসলাম হলের প্রাধ্যক্ষ ড. বশির আহমেদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো. শহীদুল ইসলাম এবং শহীদ আব্দুল হামিদ হলের প্রাধ্যক্ষ ড. মো. রবিউল আওয়াল।
রুয়েটের আবাসিক হলে গত ১০ নভেম্বর সংঘর্ষের ঘটনায় ১১ নভেম্বর একাডেমিক কমিটির এক জরুরি সভায় এক সপ্তাহের জন্য সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। সাম্ভব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই দিনই বিকেল ৩টার মধ্যে আবাসিক হলগুলো খালি করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাবি সংবাদদাতা