জবির কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণের নৌবিহার ও নবীনবরণ
নবীনবরণ সম্পন্ন করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ।
গতকাল শনিবার সংগঠনটির পক্ষ থেকে এক নৌকা ভ্রমণের আয়োজন করা হয়। সেখানেই বরণ করে নেওয়া হয় নবীন এ শিক্ষার্থীদের।
আজ রোববার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টার দিকে টি-শার্ট বিতরণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাঁদের দিনের কর্মসূচি শুরু করেন। এরপর একটি শোভাযাত্রা নিয়ে তাঁরা সদরঘাট লঞ্চ টার্মিনালে যান। সেখান থেকে লঞ্চে করে মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা দেন। লঞ্চের ছাদেই নবীন ছাত্রদের বরণ করে নেয় কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ।
সংগঠনের সভাপতি সাখাওয়াত স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর সঞ্চালনায় নবীনদের বরণ ও উপহারসামগ্রী দেওয়া হয়।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের সভাপতি, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ওঅর্থনীতিবিদ ড. মো. আইনুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি ও ব্লুমিং নিটওয়্যার লিমিটেডের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের সাবেক ছাত্রলীগ নেতা ডা. সুমন প্রধান, ঢাকার কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি নাজমুল হুদা সুমন ও সাধারণ সম্পাদক কানন উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, রুয়েট, ঢাকা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কুড়িগ্রামের শিক্ষার্থীরা এতে যোগ দেন। গান, কবিতা, র্যাফেল ড্রসহ সারা দিন বিভিন্ন আয়োজনে মাতানো হয় শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিদের।
বিকেল ৫টার দিকে লঞ্চটি মুন্সীগঞ্জ ঘুরে আবার সদরঘাটে ফিরে আসে।

অনলাইন ডেস্ক