এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ভর্তি পরীক্ষার্থীরা সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। বেলা ১১টা ১৫ মিনিটে শেষ হয় এ পরীক্ষা।
গত মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনায় বলা হয়েছিল, পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে এক ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কেটে নেওয়া হবে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ বছর ভর্তি পরীক্ষায় আবেদন করেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৪৯ হাজার ২৮ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৭৩ হাজার ৬০৪ জন।
লিখিত পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়। যার মধ্যে জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলিতে ১৫ নম্বরের প্রশ্ন থাকে। পরীক্ষায় পাস নম্বর ৪০। ভুল উত্তরে কেটে নেওয়া হয় ০.২৫ নম্বর।

নিজস্ব প্রতিবেদক