হাবিপ্রবিতে স্নাতক ভর্তি : প্রথম মেধাতালিকা প্রকাশ আগামীকাল
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রথম মেধাতালিকা তথা বিষয়ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে।
মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অনলাইনে ভর্তি ফরম পূরণ করা যাবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার পর থেকে। আবেদনকারীকে তার 'Applicant ID' ও 'Password' ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে ভর্তি ফি জমা দিতে হবে। এরপর পূরণকৃত ফরমের রঙিন প্রিন্ট কপি ৯ ফেব্রুয়ারি বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিতে হবে।
ভর্তির সময় শিক্ষার্থীদের যে কাগজপত্র সঙ্গে আনতে হবে- এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও মূল ট্রান্সক্রিপ্ট, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের দেওয়া প্রশংসাপত্রের মূল কপি, অনলাইন আবেদন ফরমের রঙিন প্রিন্ট কপি ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি।
ভর্তি ফি হিসেবে মেধা ও পছন্দক্রম অনুযায়ী শিক্ষার্থীদের সার্ভিস চার্জসহ মোট ১৫ হাজার ৯০৫ টাকা জমা দিতে হবে। পেমেন্ট করা যাবে মোবাইল ব্যাংকিং 'নগদ'-এর মাধ্যমে। এছাড়া কেউ চাইলে রূপালী ব্যাংকের যেকোনো শাখায় টাকা জমা দিয়ে ভর্তি ফরম ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে ব্যাংক রশিদ বিশ্ববিদ্যালয়ের আইটি সেল থেকে যাচাই করিয়ে নিতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ৮ ও ৯ ফেব্রুয়ারির মধ্যে কেউ ভর্তি হতে ব্যর্থ হলে তার আসন শূন্য ঘোষণা করা হবে। পরবর্তীতে সেই শূন্য আসনে নতুন মেধাতালিকা প্রকাশ করা হবে। উল্লেখ্য, গত ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)