রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ভয়াবহ ত্রুটির অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের অবিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষার ফলাফলে ভয়াবহ ত্রুটির অভিযোগ উঠেছে। পরীক্ষায় পাস নম্বর পেলেও কারিগরি ভুলের কারণে শতশত শিক্ষার্থীকে ‘ফেল’ দেখানো হয়েছে। এই ঘটনায় চরম ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, বিজ্ঞান ও অবিজ্ঞান (মানবিক ও ব্যবসায় শিক্ষা) উভয় শাখার জন্যই পাস নম্বর নির্ধারিত ছিল ৪০। বিজ্ঞান শাখার জন্য আবশ্যিক ও ঐচ্ছিক অংশে আলাদা শর্ত থাকলেও অবিজ্ঞান শাখার জন্য এমন কোনো শর্ত ছিল না। কিন্তু প্রকাশিত ফলাফলে অবিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ওপরও বিজ্ঞান শাখার শর্তগুলো প্রয়োগ করায় কয়েকশ শিক্ষার্থী পাস করেও ফেল করেছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী হুমায়রা আক্তার লিজা জানান, তিনি ৫৪ দশমিক ৫০ নম্বর পেলেও তাকে ফেল দেখানো হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, ‘পাস করলে আমি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারতাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার সাথে অন্যায় করেছে।’ প্লেয়ার কোটাধারী শেখ সাইমুজ্জামান ৪৬ দশমিক ৫০ নম্বর পেয়েও ফেল করায় সাক্ষাৎকারে ডাক পাননি বলে অভিযোগ করেছেন তার বাবা আকরামুজ্জামান। ৪৪ নম্বর পেয়েও ফেল করা মো. ফরহাদ হোসেন দ্রুত এই ত্রুটিপূর্ণ ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে তারা অবগত এবং ভুল হওয়া শিক্ষার্থীর সংখ্যা কয়েকশ হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট ইউনিটের।
এ বিষয়ে 'সি' ইউনিটের কো-অর্ডিনেটর ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গোলাম মর্তুজা বলেন, সমস্যা সমাধানের জন্য একটি মিটিং ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান জানান, আগামী রোববার (১৯ এপ্রিল) এ নিয়ে একটি জরুরি সভা কল করা হয়েছে, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আবু ছালেহ শোয়েব, রাজশাহী বিশ্ববিদ্যালয়