কারাগারে বসেই এসএসসি পরীক্ষা
একটি হত্যা মামলার আসামি হয়েও কারাগারের ভেতর থেকে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে মাহবুব এলাহী রাজিন (১৫) নামে এক শিক্ষার্থী। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে বিশেষ ব্যবস্থাপনায় নোয়াখালী জেলা কারাগারে তার এই পরীক্ষা শুরু হয়।
রাজিন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা এবং নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র। সে একটি হত্যা মামলার আসামি হিসেবে গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্রে বন্দি।
কারা কর্তৃপক্ষ ও আদালত সূত্রে জানা গেছে, রাজিন মামলায় জড়িত হওয়ার পর তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য তার পক্ষ থেকে আবেদন করা হলে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে পরীক্ষায় বসার অনুমতি দেন। আদালতের নির্দেশে তাকে গাজীপুর থেকে নোয়াখালী কারাগারে স্থানান্তর করা হয়। তার নির্ধারিত কেন্দ্র নোয়াখালী জিলা স্কুল হলেও নিরাপত্তা ও আইনি বাধ্যবাধকতার কারণে জিলা স্কুল কেন্দ্রের তত্ত্বাবধানে কারাগারের ভেতরেই তার পরীক্ষা নেওয়া হচ্ছে।
নোয়াখালী কারাগারের জেল সুপার আ. বারেক জানান, শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতেই রাজিনকে গাজীপুর থেকে এখানে আনা হয়েছে। নিয়ম অনুযায়ী কারাগারের ভেতরেই তার বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, এ বছর নোয়াখালী জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে দাখিল পর্যায়ে ৮ হাজার ৬৭১ জন এবং ভোকেশনালে ১ হাজার ৭২৩ জন শিক্ষার্থী রয়েছে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী