পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে ফল বদলেছে ১,৯৪৪ শিক্ষার্থীর
কুমিল্লা শিক্ষাবোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬০৮ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন। এছাড়া পূর্বে অকৃতকার্য হওয়া ৩৩৬ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণে নতুন করে পাস করেছেন।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পাপিয়া আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই পুনর্নিরীক্ষণের বিস্তারিত ফল প্রকাশ করা হয়।
বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনঃমূল্যায়নের জন্য মোট ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, বোর্ডের পুনর্নিরীক্ষণ নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে আবেদনকৃত প্রতিটি উত্তরপত্র নিবিড়ভাবে যাচাই-বাছাই শেষে এই ফল পুনর্প্রকাশ করা হয়েছে। পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফলে পরিবর্তন এসেছে, তারা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন সম্পূর্ণ করার সুযোগ পাবেন।

মাহফুজ নান্টু, কুমিল্লা