আজ এসএসসি পরীক্ষায় ১৫ হাজারের বেশি অনুপস্থিত, বহিষ্কার ৭
এসএসসি ও সমমানের হিসাববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও ইসলামের ইতিহাস পরীক্ষায় আজ মোট ১৫ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একইসাঙ্গে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট সাত জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার (১৩ মে) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে হিসাববিজ্ঞান (কোড-১৪৬) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৭৯ হাজার ২৫৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৭৬ হাজার ৯৬৫ জন। অনুপস্থিত ছিল দুই হাজার ২৯০ জন শিক্ষার্থী, যা শতাংশের হিসেবে এক দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিতির হার ছিল এক দশমিক ৩২ শতাংশ। ৯টি সাধারণ বোর্ডের মধ্যে বরিশাল বোর্ডে সর্বোচ্চ এক দশমিক ৭১ শতাংশ ও সিলেট বোর্ডে সর্বনিম্ন ০ দশমিক ৮৭ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইসলামের ইতিহাস (কোড-১০৯) ও পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) (কোড-১৩০) পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল তুলনামূলক বেশি। এই বোর্ডে দুই লাখ ৫৬ হাজার ৮৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে দুই লাখ ৪৩ হাজার ২৮৯ জন। অনুপস্থিত ছিল ১৩ হাজার ৫৯৯ জন শিক্ষার্থী অর্থাৎ মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ২৯ শতাংশ।
বোর্ডের হিসাবে, আজ পরীক্ষায় মোট পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, যার মধ্যে মাদ্রাসা বোর্ডেই বহিষ্কৃত হয়েছেন পাঁচজন। তবে রাজশাহী ও কুমিল্লা বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হওয়ার তথ্য পাওয়া গেছে।
এছাড়া সামগ্রিকভাবে আজকের পরীক্ষার পরিস্থিতি ‘ভালো’ ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক