জলাবদ্ধতায় দুর্ভোগে ৩০ হাজার শিক্ষার্থী, বেঞ্চের ওপর বসে পরীক্ষা
কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন প্রায় ৩০ হাজার শিক্ষার্থী। ক্যাম্পাসজুড়ে হাঁটুসমান পানি জমে থাকায় কোথাও বেঞ্চের ওপর বসে পরীক্ষা দিতে হচ্ছে, আবার কোথাও যাতায়াতের জন্য বেঞ্চ দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী সাঁকো।
গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, জলাবদ্ধ শ্রেণিকক্ষেই অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীদের টেবিল ও বেঞ্চের ওপর দিয়ে হেঁটে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে।
পরীক্ষার্থী আজহারুল ইসলাম ও মুনিরা আক্তার বলেন, টেবিলের ওপর দিয়ে হেঁটে ক্লাসে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। এই সমস্যা দীর্ঘদিনের হলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না।
টানা বৃষ্টিতে পুরো ক্যাম্পাস এখন পানির নিচে। ব্যবসায় শিক্ষা ভবনের নিচতলা সম্পূর্ণ ডুবে গেছে। এছাড়া কলা ভবন, মিলেনিয়াম ভবন এবং কেন্দ্রীয় লাইব্রেরির নিচতলাতেও পানি ঢুকে পড়েছে। শুধু ক্যাম্পাস নয়, কলেজের সামনের সড়কেও হাঁটুর ওপর পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং অটোরিকশা বিকল হয়ে পড়ার ঘটনা ঘটছে।
দীর্ঘদিন পানি জমে থাকায় ক্যাম্পাসে নোংরা পানির দুর্গন্ধ ছড়াচ্ছে। ভেসে উঠছে ময়লা ও মানববর্জ্য, যা থেকে ডেঙ্গুসহ পানিবাহিত রোগের আশঙ্কা তৈরি হচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীদের মতে, ক্যাম্পাসটি নিচু এলাকায় অবস্থিত হওয়ায় আশপাশের সব পানি এখানে এসে জমা হয়। এছাড়া দক্ষিণ পাশে সীমানাপ্রাচীর না থাকায় পানি প্রবেশের পথ আরও সহজ হয়ে গেছে।
শিক্ষক পরিষদের সম্পাদক জিএমজি সোহরাব হাসান জানান, সাময়িকভাবে কিছু ব্যবস্থা নেওয়া হলেও স্থায়ী সমাধানের জন্য সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া সমস্যার কথা স্বীকার করে বলেন, প্রায় ৪০ লাখ টাকার একটি প্রকল্পের মাধ্যমে কলেজের পশ্চিম, দক্ষিণ ও পূর্ব পাশে বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে জলাবদ্ধতা সমস্যার একটি বড় সমাধান হবে বলে আমরা আশা করছি।

মাহফুজ নান্টু, কুমিল্লা