এসএসসি পরীক্ষার নবম দিনে ৩১ হাজার ৮৯৮ শিক্ষার্থী অনুপস্থিত
এসএসসি ও সমমান পরীক্ষায় আজ নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩১ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সেই সঙ্গে সারা দেশে মোট ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ রোববার (১০ মে) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া মাদ্রাসা বোর্ডে হাদিস শরিফ এবং কারিগরি বোর্ডে রসায়ন-২ পরীক্ষা হয়েছে।
আজকের পরীক্ষায় মোট ১৫ লাখ ৪০ হাজার ৫৭১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৫ লাখ ৮ হাজার ৬৬৩ জন।
এর মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল ৩ হাজার ৫০১ জন। কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৩০৬ জন। যশোর বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৬২৮ জন। রাজশাহী বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৯৬৮ জন। চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ২১৩ জন। বরিশাল বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৩৫৯ জন। দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৩৬৩ জন। ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ছিল ৯৭৭ জন এবং সিলেট বোর্ডে ৭৯৮ জন।
এর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিতি লক্ষ করা গেছে মাদরাসা শিক্ষা বোর্ডে। এই বোর্ডে ২ লাখ ৫৪ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৭৯৭ জন অনুপস্থিত ছিল, যা মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ৪১ শতাংশ। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৩ হাজার ৯৮৮ জন।
বোর্ডের তথ্য অনুযায়ী, আজকের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় সারা দেশে বহিষ্কার হওয়া ৯ জনের মধ্যে মাদরাসা বোর্ডে ৩ জন, ঢাকা ও যশোর বোর্ডে ২ জন করে এবং সিলেট ও কারিগরি শিক্ষা বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক