নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মোশারফ হোসেন
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বুধবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের শর্তে উল্লেখ করা হয়, উপাচার্য হিসেবে যোগদানের তারিখ হতে আগামী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত এই নিয়োগ থাকবে। এ সময় ড. মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং উপাচার্য পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
উপাচার্য হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আমি সবার সহযোগিতা ও সৎ পরামর্শ চাচ্ছি। এই বিশ্ববিদ্যালয় এখন থেকে আমার পরিবার, আমার অহংকারের জায়গা। বিশ্ববিদ্যালয় পরিবারকে সমুন্নত রেখে যেন সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য সবার সহযোগিতা চাই।
অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৭ সালে স্নাতক ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৩ সালে নিজ বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ পান এবং ২০১৫ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। দীর্ঘ একাডেমিক জীবনে তিনি শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এ ছাড়া তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন।

রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়