ব্রাজিলের হারে অসুস্থ তরুণী, হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক
ফিফা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের করুণ পরাজয় মেনে নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন এক ব্রাজিল ভক্ত। টানা বমি ও নিম্ন রক্তচাপে তার অবস্থা নাজেহাল হয়ে পড়লে প্রতিদ্বন্দ্বিতা ভুলে সাহায্যে এগিয়ে আসেন এক আর্জেন্টিনা সমর্থক; দ্রুত তাকে নিয়ে যান হাসপাতালে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানই) এই ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মাশরুফা শারমীন এ্যানি। আর বিপদে পাশে দাঁড়ানো সেই আর্জেন্টিনা সমর্থক হলেন তারই সহপাঠী নাইমুল ইসলাম মঈন।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, আজ সোমবার (৬ জুলাই) রাতে অনুষ্ঠিত রাউন্ড অব সিক্সটিন ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। খেলা চলাকালীন ব্রাজিলের এই হার ও মাঠের পারফরম্যান্স দেখে মানসিকভাবে ভেঙে পড়েন এ্যানি। একপর্যায়ে তিনি তীব্র শারীরিক অস্বস্তি বোধ করেন এবং মোট পাঁচবার বমি করে ফেলেন। রক্তচাপ কমে গিয়ে অবস্থার অবনতি হলে মঈন কালক্ষেপণ না করে নিজের মোটরসাইকেলে করে এ্যানিকে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন পুশ করেন। পরে হাসপাতালে এ্যানির অন্য সহপাঠীরাও এসে উপস্থিত হন।
আর্জেন্টিনা সমর্থক নাইমুল ইসলাম মঈন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে বড় পর্দায় খেলা দেখছিলাম। নরওয়ে প্রথম গোল করার পরপরই এ্যানি অসুস্থ হয়ে পড়েন এবং দুইবার বমি করেন। এরপর নরওয়ে যখন দ্বিতীয় গোলটি দেয়, তখন তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং তিনি আবারও বমি করতে থাকেন। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় দ্রুত তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
ফুটবল মাঠে ব্রাজিল-আর্জেন্টিনার চিরবৈরী প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকের বিপদে এভাবে এগিয়ে আসা প্রসঙ্গে মঈন বলেন, ফুটবল নিয়ে মাঠে বা স্লেজিংয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, কিন্তু সবার আগে আমরা একই দেশের মানুষ এবং একে অপরের সহপাঠী। আমাদের বন্ধুত্ব ও মানবিকতা ফুটবল প্রতিদ্বন্দ্বিতার চেয়ে অনেক ওপরে।

রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়