ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এলএএব্র্যাকইউ)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে ১৯ সদস্যের এই কমিটি।
সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই লাউঞ্জে আয়োজিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সদস্যদের পাশাপাশি পর্যবেক্ষক হিসেবে স্কুল অব ল-এর বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের উপদেষ্টারা স্বাগত বক্তব্যে অ্যালামনাইদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা এবং নতুন প্রজন্মের সঙ্গে সম্পৃক্ততা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
পরে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহ মাকসুদ নূর নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করেন। নতুন কমিটির সদস্যদের পরিচয়পর্বে উপস্থিত সদস্যদের করতালিতে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।
নির্বাচনের ফল অনুযায়ী সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের নিগার, সাধারণ সম্পাদক তাফসির আহমেদ খান, সহসভাপতি ইয়াসির মো. আদনান, সহসাধারণ সম্পাদক আলী আরমান খান আপন এবং কোষাধ্যক্ষ তাহমিদ বিন রহমান।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আব্দুল মাহির, সুপ্রিম কোর্ট সম্পাদক তারান্নুমা রহমান লিরা, জজ কোর্ট সম্পাদক ইরফান বশির পরাগ, যোগাযোগ সম্পাদক রামিছা আনজুম রুস্মি, একাডেমিক ও প্রকাশনা সম্পাদক রায়হান আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ রাসিফুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক মেহরাব হোসেন ইফতি।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আসিফ রেজা, তানজিন হাবিব কেয়া, প্রিয়াংশু পাল চৌধুরী, নাফিস আল সাদিক, সৌনক সায়ন্তন কিংশুক, রাফা আনান এবং মো. খালিদ তানিম।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সংগঠনকে আরও গতিশীল, কার্যকর ও অগ্রসর করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটির অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও তাঁদের অভিজ্ঞতা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এনটিভি অনলাইন ডেস্ক