অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু কাল, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হবে। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। প্রশ্নফাঁস ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
আগামী ৮ আগস্ট শেষ হবে লিখিত পরীক্ষা এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী। সারা দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্রে তারা পরীক্ষায় অংশ নেবেন।
সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা চলবে। আবার দ্বিতীয় শিফটে পরীক্ষা চলবে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।
পরীক্ষার্থীদের নির্দেশনায় বলা হয়েছে, প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল, রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক