কুমিল্লায় ২৪ বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাস
এসএসসিতে এ বছর কুমিল্লা বোর্ডের ২৪টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এবার শূন্যভাগ পাস করা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ছয় জেলার মোট ১৮২৩টি বিদ্যালয় থেকে পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সারা দেশের মতো এ বোর্ডেও পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই মেয়েরা এগিয়ে।
আজ সোমবার (১০ আগস্ট) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. শফিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
ড. শফিকুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এ বছর সব সূচকে ফলাফল সন্তোষজনক। গণিত ও ইংরেজির ফল আরও ভালো হলে পাসের হার বাড়ত।
ফলাফল বিবরণীতে জানা গেছে, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ শিক্ষার্থী।
এবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এক লাখ ৪৭ হাজার ২২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পাস করে ৯৫ হাজার ৩৯৯জন। অকৃতকার্য হয় ৫১ হাজার ৮২৬ জন শিক্ষার্থী। ছেলেদের মধ্যে জিপিএ পাঁচ পায় ৩৯৬৬ জন। মেয়েদের মধ্যে জিপিএ পাঁচ পায় ৫৮৪৮ জন। এ বছর কুমিল্লা বোর্ডের ২৪টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এবার শূন্যভাগ পাস করা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ছয় জেলার মোট ১৮২৩টি বিদ্যালয় থেকে পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

মাহফুজ নান্টু, কুমিল্লা