একাদশ শ্রেণিতে ভর্তির ২য় ধাপের আবেদনের সময়সূচি পুনর্নির্ধারণ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ২য় ধাপের আবেদনের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বিপুল সংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন বাতিল না করা এবং ভর্তি না হওয়ায় সৃষ্ট জটিলতা নিরসনে ভর্তির এ নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি, যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করতে পারেনি কিংবা কলেজে ভর্তি হতে পারেনি এবং ভুল কোটা নির্ধারণের কারণে যাদের ভর্তি সম্পন্ন হয়নি—তারা ২য় ধাপে আবেদনের সুযোগ পাবেন।
পুনর্নির্ধারিত ভর্তি সময়সূচি অনুযায়ী, অনলাইনে আবেদন গ্রহণ ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। ২য় ধাপের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে আবেদন ও নির্বাচন বাতিল হবে। মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৯ অক্টোবর রাত ৮টায়। আগামী ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd) প্রকাশিত নির্দেশিকা অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিতে বলা হয়েছে।
১ম ধাপে আবেদন করেও যারা কলেজ সিলেকশন পায়নি, ২য় ধাপে আবেদনের ক্ষেত্রে তাদের নতুন করে ফি (২২০ টাকা) দিতে হবে না। তবে তাদের ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্য প্রার্থীদের ক্ষেত্রে কোটা নির্ধারণের ক্ষেত্রে কোটার যোগ্যতা বুঝে আবেদন করতে বলা হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)