এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
আগামী বছরের (২০২৭ সালের) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার অনলাইন ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়াই আগামী ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণের আবেদন করতে পারবেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু জানান, সময় বাড়ানোর বিষয়ে দেশের সব শিক্ষা বোর্ড আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
নতুন সময়সূচি অনুযায়ী, নির্ধারিত সময়ের পর ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এসএসসির ফরম পূরণ করা যাবে এবং ৬ ডিসেম্বরের মধ্যে ফি জমা দিতে হবে। এর আগে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এবং বিলম্ব ফিসহ ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।
একই সঙ্গে ২০২৭ সালের দাখিল পরীক্ষার অনলাইন ফরম পূরণের সময়সীমাও বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। মঙ্গলবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের শিক্ষাজীবনের কথা বিবেচনা করে বিলম্ব ফি ছাড়া আগামী ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।
এছাড়া মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ আগামী ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন, যার ফি জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৬ ডিসেম্বর। এই নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানদের শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক