জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হচ্ছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে আগামী ২৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা মেধা তালিকায় স্থান পাননি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি অথবা কোনো পর্যায়ে ভর্তি হয়ে পরবর্তীতে তা বাতিল করেছেন—এমন শিক্ষার্থীরাই কেবল দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবেন। এছাড়া পূর্ববর্তী কোনো পর্যায়ে ভর্তি থাকা শিক্ষার্থীরা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে চাইলে আগামী ২০ আগস্টের মধ্যে তাদের পূর্বের ভর্তি বাতিল করতে হবে।
যেভাবে আবেদন করতে হবে
রিলিজ স্লিপে আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) গিয়ে Applicant Login অপশন থেকে Honours Login-এ প্রবেশ করতে হবে। এরপর সঠিক Application ID ও PIN দিয়ে লগইন করে পছন্দ অনুযায়ী সর্বোচ্চ ৫টি কলেজের বিষয় পছন্দক্রম নির্ধারণ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন সম্পন্ন হওয়ার পর ফরমটি ডাউনলোড করে প্রিন্ট বা সংরক্ষণ করতে হবে। তবে রিলিজ স্লিপের আবেদনের এই প্রিন্ট কপি কোনো কলেজে জমা দেওয়ার প্রয়োজন নেই এবং আবেদনের জন্য কোনো ফি প্রদান করতে হবে না।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)