পবিপ্রবিতে র্যাগিংয়ে জড়িত ১৩ শিক্ষার্থীকে শাস্তি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় জড়িত ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ভুক্তভোগী নবীন শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে র্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব প্রদান, অংশগ্রহণ এবং নবীনদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়েছে।
ঘোষিত শাস্তির আওতায় অপরাধের মাত্রা অনুযায়ী অভিযুক্তদের ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড, ১ সেমিস্টার থেকে ১ বছরের জন্য হল ও ক্লাস থেকে বহিষ্কার এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে একই ধরনের অপরাধে জড়িত হলে স্থায়ী বহিষ্কারের কঠোর সতর্কতা প্রদান করা হয়েছে। তবে কয়েকজন শিক্ষার্থীর ক্ষেত্রে শর্তসাপেক্ষে শাস্তি স্থগিত রেখে নজরদারিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ ও মুচলেকা দাখিল না করলে তাদের বিরুদ্ধে সরাসরি শাস্তি কার্যকর হবে। একই সঙ্গে ক্যাম্পাসে র্যাগিং বন্ধে কঠোর নজরদারি অব্যাহত রাখার পাশাপাশি জিরো টলারেন্স নীতি বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

কাজল বরণ দাস, পটুয়াখালী