রাজধানীর এ. কে. স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা
রাজধানীর দনিয়ায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টায় প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করা হয়।
এ. কে. স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
উৎসবে শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী পুরো প্রতিযোগিতাকে মোট চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো—প্রাইমারি (তৃতীয়–পঞ্চম শ্রেণি), জুনিয়র (ষষ্ঠ–অষ্টম শ্রেণি), সেকেন্ডারি (নবম–দশম শ্রেণি) এবং হায়ার সেকেন্ডারি (একাদশ–দ্বাদশ শ্রেণি)।
বিজ্ঞান উৎসবে থাকছে নানা ধরনের অলিম্পিয়াড ও বুদ্ধির লড়াইয়ের কুইজ প্রতিযোগিতা। অলিম্পিয়াডের মধ্যে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান এবং মহাকাশপ্রেমীদের জন্য বিশেষ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড। অন্যদিকে নিজের বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য কুইজ বিভাগে থাকছে সোলো কুইজ, জিকে (সাধারণ জ্ঞান) কুইজ এবং বইপড়ুয়াদের জন্য বুক বেজড কুইজ।
শুধু অলিম্পিয়াড বা কুইজই নয়, যারা নিজেদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা সবার সামনে তুলে ধরতে ভালোবাসে, তাদের জন্য থাকছে চমৎকার সব সাবমিশন–ভিত্তিক ইভেন্ট। এর মধ্যে রয়েছে নতুন নতুন বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী, দেয়াল পত্রিকা, আলোকচিত্র প্রদর্শনী এবং স্ক্র্যাপ বুক প্রতিযোগিতা। এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক জ্ঞান তুলে ধরা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে বক্তব্য দেন এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সালাহ উদ্দিন। অনুষ্ঠানে গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি হাজী মো. মাসুদ আলী এবং চিফ মডারেটর মো. সাইফুল ইসলামসহ প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার সহকারী প্রধান শিক্ষক, ইনচার্জ, কো-অর্ডিনেটর, মডারেটর ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞান মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন অতিথি ও শিক্ষকরা। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলার পাশাপাশি নতুন কিছু উদ্ভাবনের প্রতি তাদের আগ্রহ বাড়াবে।

নিজস্ব প্রতিবেদক