বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল
সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নেমেছে। আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে এই ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ঈদগাহের এই জামাতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্যসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মিরপুর থেকে বাবার সঙ্গে আসা শিশু সিয়াম জানায়, জীবনে প্রথমবার জাতীয় ঈদগাহে নামাজ পড়তে এসে তার খুব ভালো লাগছে।
যাত্রাবাড়ীর বাসিন্দা আশরাফ হোসেন বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ আমাদের খুশির দিন। সবাই মিলে এক সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতেই এখানে আসা।” বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন আগত মুসল্লিরা।

নিজস্ব প্রতিবেদক