হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সর্বমোট ১৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। নিহতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।
আজ সোমবার (১৮ মে) সকালে মক্কার বাংলাদেশ হজ অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
হজ অফিস সূত্রে জানা গেছে, নতুন করে মারা যাওয়া দুই হজযাত্রী হলেন- ফেনী জেলার সোনাগাজী উপজেলার বাসিন্দা সাজেদা বেগম (৫৬)। তিনি মদিনায় স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন। অপরজন হলেন ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকার বাসিন্দা এন এম মনিরুল হক (৪৪)। তিনিও মক্কায় স্বাভাবিকভাবে মারা যান।
এদিকে, বাংলাদেশ হজ অফিসের দেওয়া সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ সোমবার সকাল পর্যন্ত মোট ৬২ হাজার ৫২৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৮৪ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া) ও ফ্লাইনাসের মোট ১৬১টি ফ্লাইটে তারা মক্কা ও মদিনায় পৌঁছান।
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের স্বাস্থ্য ও অন্যান্য সেবা নিশ্চিত করতে দিনরাত কাজ করছে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। মক্কা ও মদিনায় স্থাপিত চিকিৎসা কেন্দ্র থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (মেডিকেল প্রেসক্রিপশন) প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে হজযাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধানে ১৭ হাজার ৯৮৮টি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে।

কামাল পারভেজ অভি, মক্কা