ডিএসইতে বেড়েছে সূচকসহ লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ মঙ্গলবারের (১৩ জানুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে চার দশমিক ৬১ পয়েন্ট। লেনদেন বেড়ে এদিন ৩৮৬ কোটি টাকার ঘরে চলে এসেছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। গতকাল সোমবারের (১২ জানুয়ারি) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে।
ডিএসইতে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লেনদেনের শুরুতে শেয়ার কেনার চাপে সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ১৪ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩০ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনা চাপ কমে আসে। এতে উত্থান গতিও কমে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয় চার দশমিক ৬১ পয়েন্ট। সূচকটি বেড়ে দিন শেষে দাঁড়িয়েছে চার হাজার ৯৪৬ দশমিক ৬৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক এক দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৯ দশমিক ১২ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক দুই দশমিক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৫ দশমিক ৭০ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৩৮৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩৫২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮০ হাজার ৭৯ কোটি ২৬ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৮০ হাজার ৯২২ কোটি ১৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৫৬টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭৫টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মার শেয়ার। কোম্পানিটির ১২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৩২ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১০ কোটি ৩৩ লাখ টাকা, সিটি ব্যাংকের আট কোটি ৮২ লাখ টাকা, ফাইন ফুডসের আট কোটি ৫৪ লাখ টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আট কোটি ৫১ লাখ টাকা, এসিআইয়ের আট কোটি ১০ লাখ টাকা, সিমটেক্সের সাত কোটি ৯০ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের সাত কোটি ৪৯ লাখ টাকা এবং এশিয়াটিক ল্যাবের সাত কোটি ছয় লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১১ দশমিক ১১ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ কোটি ৮১ লাখ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক