সূচকের বড় উত্থান, দর বেড়েছে ৮৭ শতাংশ কোম্পানির
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ মঙ্গলবার (১০ মার্চ) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪৮ পয়েন্ট। গতকাল সোমবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে ৯ হাজার ৯৩০ কোটি টাকা। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৮৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। তবে লেনদেন বেড়ে এদিন ৫৯৩ কোটি টাকায় চলে এসেছে। অপরদিকে, লেনদেন কমলেও এদিন সূচকসহ মূলধনের পরিমাণ বেড়েছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
আজ লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সের উত্থান হয়েছে ১৪৮ দশমিক ২৮ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ২৮৯ দশমিক ৬৯ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ২৩ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৫৮ দশমিক ৩৮ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ৬২ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ৩৮ দশমিক ৮৩ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৪১৬ কোটি চার লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ এক হাজার ৯৮৬ কোটি ২৩ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৯২ হাজার ৫৬ কোটি ১৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৩৯টির, কমেছে ১৩টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংকের ২১ কোটি ৭৪ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ২০ কোটি ৫৮ লাখ টাকা, রবি আজিয়াটার ১৫ কোটি ৮০ লাখ টাকা, খান ব্রাদার্সের ১২ কোটি ৭০ লাখ টাকা এবং যমুনা ব্যাংকের ৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে দুই দশমিক শূন্য ছয় শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।
অপরদিকে সিএসইতে এদিন লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআইয়ের উত্থান হয় ৩৩২ দশমিক ৩১ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় ১৪ হাজার ৮২০ দশমিক ১১ পয়েন্টে। এদিন সিএসই৫০ সূচক ৩১ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৪০ দশমিক ৭৫ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৩৭৭ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৩ হাজার ১৯৮ দশমিক ৪৩ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ২০৬ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৯ হাজার ৬৩ দশমিক ৮৩ পয়েন্টে। এ ছাড়া সিএসআই সূচক ১৩ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৮৮৮ দশমিক ৭০ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৪৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। আজ সিএসইতে মূলধন দাঁড়িয়েছে ৯ লাখ ৯৩৬ কোটি ১৫ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল আট লাখ ৯৩ হাজার ৪৬২ কোটি ২১ লাখ টাকা।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৩২টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১০টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে পূবালী ব্যাংকের ৩৭ কোটি ৫০ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের চার কোটি ১০ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের এক কোটি ৬১ লাখ টাকা, পদ্মা অয়েলের এক কোটি তিন লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ লাখ টাকা এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এনআরবিসি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক