সূচকের বড় উত্থানে ডিএসইতে সপ্তাহ পার, কমেছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সব ধরনের সূচকের বড় উত্থান দেখা গেছে। ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত পরিচালিত লেনদেনে বাজার মূলধন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বাড়লেও, উল্লেখযোগ্য হারে কমেছে লেনদেনের পরিমাণ।
ডিএসইর ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ২৮ শতাংশ বা প্রায় ৮ হাজার ৯৬০ কোটি ৬৭ লাখ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬ হাজার ৯১২ কোটি ৫৭ লাখ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি ৯০ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৫৬ কোটি ৮২ লাখ টাকা। এর আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৮২৫ কোটি ৬২ লাখ টাকা বা ২৩ দশমিক ৭১ শতাংশ। প্রতিদিন গড়ে লেনদেনের পরিমাণ ছিল ৫৩১ কোটি ৩৬ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬৯৬ কোটি ৪৯ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত ৪১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৮ দশমিক ৪৫ শতাংশ বা ৩২৪টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৩৮টির, অপরিবর্তিত রয়েছে ২৭টির এবং লেনদেন হয়নি ২৪টি কোম্পানির শেয়ার।
সূচকের ক্ষেত্রে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৭ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৮ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করছে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৫৪ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৬ দশমিক ২৫ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৩০ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯ দশমিক ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসই এসএমই সূচকও ১৪ দশমিক ৫৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক