বেড়েছে প্রধান সূচকসহ লেনদেন, কমেছে মূলধন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ রোববার (১২ এপ্রিল) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। লেনদেন বেড়ে এদিন ৮৩৭ কোটি টাকায় চলে এসেছে। তবে গত বৃহস্পতিবারের (৯ এপ্রিল) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেনের শুরুতে সূচক ডিএসইএক্স উত্থানে চলে আসে। লেনদেন শুরুর দুই মিনিটে ডিএসইএক্স উত্থান হয় তিন পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে চলে আসে। লেনদেন শুরুর ৯ মিনিটে ডিএসইএক্স পতন হয় ২৮ পয়েন্ট। পরে উত্থানে ফিরে। লেনদেন শুরুর ৩৫ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ২২ পয়েন্ট। পরবর্তীতে সূচকটির উত্থান গতি কমে আসে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের উত্থান হয়েছে ১৩ দশমিক ৬৯ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ২৭১ দশমিক ৪০ পয়েন্টে। এদিন ডিএস ৩০ সূচক শূন্য দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার দুই দশমিক ৩৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৬১ দশমিক শূন্য সাত পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৮৩৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৭ হাজার ৯৩২ কোটি ৬০ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৮৮ হাজার ৬৬২ কোটি ৭৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ১৪৫টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৬টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির ৪৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ৩২ কোটি ৮৮ লাখ টাকা, একমি পেস্টিসাইডের ২৬ কোটি ৬৩ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ২৩ কোটি ১৯ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৯ কোটি ৪৭ লাখ টাকা, কেডিএস এক্সেসরিজের ১৮ কোটি ৭০ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১৬ কোটি ৬৫ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৪ কোটি ৩২ লাখ টাকা, বিডিকমের ১৩ কোটি ১৯ লাখ টাকা এবং গোল্ডেন সনের ১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে তু-হাই নিটিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৩৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক