একীভূতকরণ চূড়ান্তে ওয়ালটনের ইজিএম ২১ মে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি প্রস্তাবিত একীভূতকরণ (মার্জার) প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। এ লক্ষ্যে কোম্পানিটি রেকর্ড ডেট ও বিশেষ সাধারণ সভার (ইজিএম) সময়সূচি ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানায়, হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব অনুমোদন এবং শর্ত পূরণ সাপেক্ষে প্রস্তাবিত এই একীভূতকরণ কার্যকর হবে। এর আগে গত ১৫ মার্চ ডিএসইর মাধ্যমে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ একীভূতকরণ সংক্রান্ত নো অবজেকশন লেটার প্রকাশ করা হয়। এর মাধ্যমে প্রস্তাবিত মার্জার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আইনি ও নিয়ন্ত্রক ভিত্তি তৈরি হয়। পরবর্তীতে গত ৯ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ (কোম্পানি ম্যাটার নং-৩১৮/২০২৬) প্রস্তাবিত একীভূতকরণ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় কিছু নির্দেশনা প্রদান করে। নির্দেশনার ধারায় কোম্পানির পরিচালনা পর্ষদ গত ১১ এপ্রিল অনুষ্ঠিত ৫০তম বোর্ড সভায় ইজিএম এবং পাওনাদারদের সভার সময়সূচি নির্ধারণ করে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ইজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয় আগামী ৪ মে। শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার লক্ষ্যে ইজিএম অনুষ্ঠিত হবে আগামী ২১ মে, বেলা ১১টায়। ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা আয়োজন করা হবে।

নিজস্ব প্রতিবেদক