৫০ শতাংশ মুনাফা বেড়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের চলতি অর্থবছরের (২০২৫-২০২৬) তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে ৪৯ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
আজ রোববার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে তিন টাকা ৪৯ পয়সা। আগের অর্থবছরের (২০২৪-২০২৫) একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি মুনাফা ছিল দুই টাকা ৩৩ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে এক টাকা ১৬ পয়সা বা ৪৯ দশমিক ৭৮ শতাংশ।
চলতি অর্থবছরের ৯ মাস বা তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০ টাকা ৫৭ পয়সা। আগের আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ছয় টাকা ৮৩ পয়সা। আলোচিত তিন প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৯ টাকা ৭৬ পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল সাত কোটি ৮৩ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯৮ টাকা ৭১ পয়সা।

নিজস্ব প্রতিবেদক