সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪০ পয়েন্ট। গতকাল বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ৬২২ কোটি টাকা। তবে লেনদেন কমে এদিন এক হাজার ১৯৭ কোটি টাকার ঘরে নেমে চলে এসেছে। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থান চলে আসে। বেলা বাড়ার পর সূচকটির উত্থান আরও বাড়ে। আজ লেনদেন শুরুর ৭০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৬ পয়েন্ট। পর সূচকটির উত্থান আরও বাড়ে। এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের বেড়েছে ৩৯ দশমিক ৭৫ পয়েন্ট। সূচকটি বেড়ে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৬৬১ দশমিক ৩৮ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ৩০ দশমিক শূন্য সাত পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১৪৩ দশমিক ১২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১৪ দশমিক শুন্য চার পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৫০ দশমিক ৪৬ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১৯৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ২১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৩ হাজার ৪৪০ কোটি ৮০ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৮৯ হাজার ৮১৮ কোটি ৭৬ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১৮৫টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৬০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্টের ৫৩ কোটি ৩৯ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ৪৯ কোটি ১৯ লাখ টাকা, রবি আজিয়াটার ৪০ কোটি ২৭ লাখ টাকা, এনসিসি ব্যাংকের ৩৪ কোটি ২৪ লাখ টাকা, ন্যাশনাল ফিডের ২৯ কোটি ৪১ লাখ টাকা, বিডি থাইয়ের ২৭ কোটি ৭৯ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৮ কোটি ১৬ লাখ টাকা, বিডি থাই ফুডের ১৬ কোটি ৬৩ লাখ টাকা এবং এপেক্স স্পিনিংয়ের ১৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগারের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফার্স্ট জনতা ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক