ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৫৩তম এজিএম সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) পিএলসি ২০২৫ সালের (জানুয়ারি থেকে ডিসেম্বর) সমাপ্ত হিসেব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনলাইনে প্রতিষ্ঠানটির ৫৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে এ লভ্যাংশ অনুমোদন হয়েছে।
সভায় সংবিধিবদ্ধ নিরীক্ষক ও করপোরেট গভর্নেন্স নিরীক্ষক নিয়োগের অনুমোদন দেন শেয়ারহোল্ডাররা। এছাড়া পরিচালনা পর্ষদের নির্বাচনসহ প্রতিষ্ঠানের ২০২৫ সালের আর্থিক বিবরণীর অনুমোদন দেন তারা। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ওয়াইল সাবরা।
কোম্পানি জানায়, ২০২৫ সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট), সম্পূরক শুল্কসহ অন্যান্য কর মিলিয়ে জাতীয় রাজস্ব খাতে মোট ৩৯ হাজার ১৪৪ কোটি টাকা অবদান রেখেছে। এতে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ করদাতাদের মধ্যে অন্যতম অবস্থান ধরে রেখেছে।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, প্রফেসর ড. মেলিতা মেহজাবিন ও রূপালী হক চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন অনির্বাহী পরিচালক ড. জিয়াউল আবেদীন, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, স্টুয়ার্ট কিড ও ফ্রান্সিসকো টোসো ক্যানেপা। সভায় আরও অংশ নেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিশা আব্রাহাম, ফাইন্যান্স ডিরেক্টর নিরালা সিং, কমার্শিয়াল ডিরেক্টর নুমায়ের আলম ও কোম্পানি সচিব সৈয়দ আফজাল হোসেন।

নিজস্ব প্রতিবেদক