পতনে সূচকসহ লেনদেন, মূলধন কমেছে ৩৫৩৯ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। আজ রোববার (১০ মে) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। লেনদেন কমে এদিন ৭২৭ কোটি টাকায় নেমে এসেছে। গত বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধন কমেছে তিন হাজার ৫৩৯ কোটি টাকা।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর এক ঘণ্টা ৩৬ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ২৮ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে চলে আসে। এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের কমেছে ১৩ দশমিক ১৫ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ২২০ দশমিক ৯৪ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক এক দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৫৬ দশমিক ২২ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৯৯০ দশমিক ২৭ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭২৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৪৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৬ হাজার ৪৫৫ কোটি ৮৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৭৯ হাজার ৯৯৪ কোটি ৯৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১৯৪টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিকের শেয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিলের ৩৩ কোটি ৫৩ লাখ টাকা, বিডি থাই ফুডের ১৫ কোটি ৩৯ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৪ কোটি ৩৮ লাখ টাকা, এপেক্স স্পিনিংয়ের ১১ কোটি ৮২ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১১ কোটি ৯ লাখ টাকা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১০ কোটি ৮৭ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ৭৮ লাখ টাকা, সিটি ব্যাংকের ১০ কোটি ৪৮ লাখ টাকা এবং অগ্নি সিস্টেমসের ১০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে সায়হাম কর্টনের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৬০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক