পূর্ণাঙ্গ ত্রৈমাসিক প্রতিবেদনের পরিবর্তে সংক্ষিপ্ত রিপোর্ট চাইব : মাসুদ খান
আইপিও প্রক্রিয়া সহজসহ কাগজনির্ভর কার্যক্রম কমিয়ে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় নিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মাসুদ খান বলেন, এখন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে পূর্ণাঙ্গ ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন জমা দিতে হয়। আমরা আর পূর্ণাঙ্গ ত্রৈমাসিক প্রতিবেদন চাইব না। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কনডেন্সড বা সংক্ষিপ্ত রিপোর্টিং চাইব।
ঢাকা ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত পরিচিতি অনুষ্ঠানে বৃহস্পতিবার (২ জুলাই) রাতে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ খান এসব কথা বলেন।
এতে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান, নাফিজ আল তারিক, ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালক মিনহাজ মান্নান ইমন, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।
মাসুদ খান বলেন, কমিশনের দায়িত্ব শুধু নিয়ন্ত্রণ করা নয়, পুঁজিবাজারের বিকাশেও বিশেষ সহায়ক করা। সেই কারণেই আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করছি। বাজার বিকাশে বাধা পথগুলো চিহ্নিত করছি। একইসঙ্গে সমস্যার সমাধান খুঁজে বের করছি। এটা আমাদের লক্ষ্য।
বিনিয়োগকারীরা সমাধান চাচ্ছে জানিয়ে মাসুদ খান বলেন, একজন মানুষ আমার কাছে আসে, তার সমস্যা নিয়ে। সে তার সমস্যার বর্ণনা শুনতে চায় না। সে তার সমস্যার সমাধান চায়। তাই আমি কমিশনের সবাইকে বলেছি, আমাদের সমস্যা সমাধানের মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে।
লাফার্জের প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় আমি নিজে অতীতে নিয়ন্ত্রক সংস্থার নানা প্রশ্নের মুখোমুখি হয়েছি জানিয়ে মাসুদ খান বলেন, এ কারণেই বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বাস্তব সমস্যাগুলো ভালোভাবেই আমি জানি। আমরা আপনাদের মধ্য থেকেই এসেছি। আপনাদের কষ্ট, দুর্ভোগ ও বাস্তবতা আমরা বুঝি। আমরা সেই বাস্তবতা নিয়ে কাজ করব। যেন আপনাদের কষ্ট-দুর্ভোগ লাঘব হয়।
ত্রৈমাসিক প্রতিবেদনে পরিবর্তন হবে জানিয়ে মাসুদ খান বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে পূর্ণাঙ্গ ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন জমা দিতে হয় এখন। কিন্তু আমরা আর পূর্ণাঙ্গ তিন মাসের রিপোর্ট চাইব না। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কনডেন্সড রিপোর্টিং চাইব।
আইপিও প্রক্রিয়া প্রসঙ্গে মাসুদ খান বলেন, অনেক ভালো প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসে না। কারণ আইপিও প্রক্রিয়া জটিলসহ সময়সাপেক্ষ। আমরা এর পরিবর্তন করব। আইপিও প্রক্রিয়া অনেক সহজ করব। আগামী সপ্তাহ থেকেই আইপিও বিধিমালা পর্যালোচনা শুরু হচ্ছে। এবিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ এবং মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে বৈঠক করব।

নিজস্ব প্রতিবেদক