একদিনে ডিএসইতে মূলধন ৪৩৯৪ কোটি টাকা বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ বৃহস্পতিবার (২১ মে) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪২ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। লেনদেন বেড়ে এদিন ৮৬৭ কোটি টাকায় চলে এসেছে। গতকাল বুধবারের (২০ মে) তুলনায় আজ বাজারে মূলধন পরিমাণ বেড়েছে চার হাজার ৩৯৪ কোটি টাকা।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৫ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ১০ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকের উত্থান গতি আরও বাড়ে। আজ লেনদেন শুরুর ৪২ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৯ পয়েন্ট। পরে সূচকটির উত্থান আরও বাড়ে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ৪১ দশমিক ৭৪ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ২৬৪ দশমিক ১২ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক সাত দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৬৯ দশমিক ৪৭ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ২০ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৯৯৫ দশমিক ৩৫ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৮৬৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৮৪১ কোটি ১২ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৯ হাজার ৮১৯ কোটি ৪২ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৭৫ হাজার ৪২৪ কোটি ৮৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৩৩টির, কমেছে ৯৩টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৯টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে আরডি ফুডের শেয়ার। কোম্পানিটির ২৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবের ২৮ কোটি ৯২ লাখ টাকা, মীর আকতার হোসেনের ২২ কোটি ৪৫ লাখ টাকা, বিডি থাই ফুডের ১৬ কোটি ৬৬ লাখ টাকা, বসুন্ধরা পেপারের ১৬ কোটি ৪২ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১৫ কোটি ৯০ লাখ টাকা, কেডিএস এক্সেসরিজের ১৫ কোটি ৭৩ লাখ টাকা, সান লাইফ ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৩৮ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৪ কোটি ২২ লাখ টাকা এবং একমি পেস্টিসাইডসের ১৪ কোটি দুই লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৪৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে নাহি এ্যালুমিনিয়ামের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ২৯ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক