পুঁজিবাজারের উন্নয়নে গভর্নরের সঙ্গে ডিবিএর বৈঠক
দেশের পুঁজিবাজার, ব্যাংক খাতসহ সামগ্রিক আর্থিক ব্যবস্থার উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিতকরণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবিএর পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি, ব্যাংক খাতের চ্যালেঞ্জ, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং আর্থিক খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ডিবিএর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি সমন্বিত নীতিগত প্রস্তাবনা তুলে ধরা হয়। প্রস্তাবনাগুলোর মধ্যে ছিল– সমস্যাগ্রস্ত ব্যাংকের বাজারভিত্তিক পুনর্গঠন, বৃহৎ ঋণগ্রহীতাদের পুঁজিবাজারে অংশগ্রহণ, সরকারি সিকিউরিটিজে নন-কম্পিটিটিভ বিড বৃদ্ধি, আয়কর আইন ও মূলধন সংরক্ষণ নীতির অসামঞ্জস্য দূরীকরণ, বন্ড খেলাপি তথ্য সিআইবিতে অন্তর্ভুক্তি, শেয়ারবাজারে টি+১ সেটেলমেন্ট চালু, সমন্বিত ডিজিটাল পেমেন্ট সিস্টেম (বিইউপিআই) এবং ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ডে ব্যাংকের বিনিয়োগসীমা বৃদ্ধির প্রসঙ্গ।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডিবিএর প্রস্তাবনাগুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন এবং দেশের আর্থিক খাতের উন্নয়নে সব অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম দেশের পুঁজিবাজারের উন্নয়ন, সংস্কার ও স্থিতিশীলতা নিশ্চিতকরণে অতীতের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার এবং সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

নিজস্ব প্রতিবেদক