সূচকের উত্থান, ডিএসইর লেনদেন ১৪১৬ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গতকাল রোববারের (৫ জুলাই) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে দুই হাজার ১৫৮ কোটি টাকা। লেনদেন কমে এদিন এক হাজার ৪১৬ কোটি টাকার ঘরে নেমে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৫ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৫ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি আরও বাড়ে। এদিন লেনদেন শুরুর ৭৬ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩০ পয়েন্ট। পরে সূচকটির উত্থান কমে আসে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ১২ দশমিক ১০ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৭৯৯ দশমিক ৫১ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক এক দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১৯২ দশমিক ৫৩ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক চার দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৮৩ দশমিক শূন্য এক পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল রোববার লেনদেন হয়েছিল এক হাজার ৫৩০ কোটি সাত লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় সাত লাখ এক হাজার ৮৩২ কোটি ৬২ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৯৯ হাজার ৬৭৪ কোটি ৬০ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১৫৫টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭১টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকোর ৩০ কোটি ৩০ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ২৯ কোটি ৭১ লাখ টাকা, ড্রাগন সোয়েটারের ২৯ কোটি ৪২ লাখ টাকা, আইটিসির ২৮ কোটি ৪৯ লাখ টাকা, সী পার্ল বিচের ২৮ কোটি ৪০ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ২৮ কোটি ১৮ লাখ টাকা এবং বেক্সিমকো ফার্মার ২৫ কোটি ছয় লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৫১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক