৭০ মিনিটে ডিএসইর লেনদেন ৩১২ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন চলছে আজ মঙ্গলবার (৪ আগস্ট)। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ১০ মিনিট বা সকাল ১১টা ১০ মিনিটে ডিএসইতে ৩১২ কোটি দুই লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৩৭ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৮ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৭০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১১ দশমিক ৪৫ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৮৯৭ দশমিক ১৪ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক এক দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২০৫ দশমিক ৬৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৮ দশমিক ৭৬ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২০২টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ার দর। এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা শাপ ইন্ডাস্ট্রিজের ২৩ কোটি দুই লাখ টাকা, একমি পেস্টিসাইডসের ৯ কোটি ৭৯ লাখ টাকা, সায়হাম কটনের আট কোটি ২৫ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের সাত কোটি ৭০ লাখ টাকা এবং সায়হাম টেক্সটাইলের ছয় কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক