৩০ মিনিটে লেনদেন ৫৯ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট বা বেলা ১০টা ৩০ মিনিটে ডিএসইতে ৫৯ কোটি ৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া ৮৩ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর আট মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৪৫ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৪ দশমিক শূন্য সাত পয়েন্ট। এসময় বেড়ে সূচকটি দাঁড়ায় পাঁচ হাজার ৬৭৪ দশমিক ১৬ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক আট দশমিক শূন্য সাত পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৪ দশমিক ১৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক সাত দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩৪ দশমিক ৬২ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩১৬টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার দর। এসময় লেনদেন শীর্ষে উঠে আসা শার্প ইন্ডাস্ট্রিজের সাত কোটি ২৫ লাখ টাকা, এমএল ডায়িংয়ের দুই কোটি ৮১ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের দুই কোটি ৪৩ লাখ টাকা এবং প্যারামাউন্ট টেক্সটাইলের দুই কোটি ৩৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক