৯২ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার (২৪ আগস্ট) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭৯ পয়েন্ট।
এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৯১ দশমিক ৭৩ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গতকাল রোববার (২৩ আগস্ট) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে চার হাজার ৬৭২ কোটি টাকা। লেনদেনও কমে এদিন ৬০১ কোটি টাকায় নেমে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর দুই মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৯ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে আসে। লেনদেন শুরুর ১৫ মিনিটে ডিএসইএক্স কমেছে ২৯ পয়েন্ট। পরে পতন গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স কমেছে দুই পয়েন্ট। পরে সূচকটির পতন বাড়ে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ৭৮ দশমিক ৬৪ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৬৪৩ দশমিক ৫৬ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ১৬ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১২৩ দশমিক ৯৮ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ১৪ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ১৩০ দশমিক ৮৪ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬০১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল রোববার লেনদেন হয়েছিল ৭১১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৯৫ হাজার ৭৩৬ কোটি ১০ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল সাত লাখ ৪০৮ কোটি ৫৮ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ৩৫৫টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৮টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সায়হাম টেক্সটাইলের ১৮ কোটি ৯২ রাখ টাকা, এমএল ডায়িংয়ের ১৮ কোটি ৮৮ লাখ টাকা, ফার কেমিক্যালের ১৮ কোটি ৫১ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫ কোটি ৮৯ লাখ টাকা, বেক্সিমকোর ১৩ কোটি ৫৭ লাখ টাকা এবং রানার অটোর ১৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে তিন দশমিক ৭৯ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক