পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা ফেরত পাচ্ছেন সর্বোচ্চ ৫ লাখ টাকা
ব্রোকারেজ হাউজের অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারীকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থ ইনভেস্টরস প্রটেকশন ফান্ড (আইপিএফ) থেকে পরিশোধ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত ইনভেস্টরস প্রটেকশন ফান্ড থেকে বিতরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মমিনুল ইসলাম এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
পুঁজিবাজারে বিনিয়োগে লাভ-ক্ষতি দুটোই আছে, স্বাভাবিক নিয়মে শেয়ারের দর উত্থান-পতন আন্তর্জাতিকভাবে স্বীকৃত জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, কিন্তু পুঁজিবাজারের কোনো মধ্যস্থতাকারীর অনিয়মের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলে পুঁজিবাজারের ওপর তাদের আস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটে। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য না।
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কাছে দুঃখ প্রকাশ করে মমিনুল ইসলাম বলেন, কষ্টার্জিত টাকা আপনারা অনেক আশা নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করেছিলেন। কিন্তু বিনিয়োগ করে যে মানসিক, আর্থিক ক্ষতি ও যন্ত্রণার মধ্য দিয়ে আপনাদের যেতে হয়েছে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
১৭ হাজার ৩৩২ জন বিনিয়োগকারীর অর্থ আইপিএফ থেকে পরিশোধ করা হবে জানিয়ে মমিনুল ইসলাম বলেন, পাঁচটি ব্রোকারেজ হাউজ বিনিয়োগকারীদের অর্থ বা শেয়ার বিভিন্নভাবে নিজেদের অ্যাকাউন্টে নিয়েছে এবং পরবর্তীতে সেই টাকা বা শেয়ার তাদের ফেরত দিতে পারেনি।
ডিএসই চেয়ারম্যান বলেন, যাদের টাকা এ পর্যায়ে সম্পূর্ণভাবে পরিশোধ হবে না, তাদের টাকাও দ্রুত আইনানুগ ব্যবস্থার মাধ্যমে ফেরত দেওয়ার জন্য ডিএসই এবং বাজার সংশ্লিষ্ট অন্যরা তৎপর থাকবে। যত দ্রুত সম্ভব তাদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

নিজস্ব প্রতিবেদক