২৮ দিনে প্রবাসী আয় এলো ৩১ হাজার ২৩২ কোটি টাকা
চলতি জুন মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৫৩ কোটি ৯২ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৩১ হাজার ২৩২ কোটি ১৬ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। আজ রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, চলতি বছরের জুন মাসে প্রথম ২৮ দিনে প্রবাসী আয় এসেছে ২৫৩ কোটি ৯২ লাখ ডলার। আগের বছরের (২০২৪ সাল) জুন মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী আয় এসেছিল ২৩৭ কোটি ২০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে সাত দশমিক ১০ শতাংশ।
আরিফ হোসেন খান আরও বলেন, চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) ১ জুলাই থেকে ২৮ জুন পর্যন্ত প্রবাসী আয় এসেছে তিন হাজার চার কোটি ৬০ লাখ ডলার। আগের অর্থবছরের (২০২৩-২০২৪) ১ জুলাই থেকে ২৮ জুন পর্যন্ত প্রবাসী আয় আসে দুই হাজার ৩৭৪ কোটি ৫০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৬ দশমিক ৫০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি জুন মাসের প্রথম ২৮ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৬১ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৬ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫৩ লাখ ৭০ হাজার ডলার।
দেশের ব্যাংকগুলোর মধ্যে জুন মাসের প্রথম ২৮ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪৩ কোটি ৬৮ লাখ ৩০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩৬ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার। এরপরের অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে ২৫ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি পাঁচ লাখ ৫০ হাজার ডলার এবং জনতা ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ৮০ লাখ ডলার এসেছে।

নিজস্ব প্রতিবেদক