চার শতাংশ মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারী
একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের গত দুই বছরের (২০২৪ ও ২০২৫) জন্য মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমানতকারীদের প্রতিবাদের মুখে এবার মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। তবে গত দুই বছরের জন্য ব্যাংকগুলোর আমানতকারীরা চার শতাংশ হারে মুনাফা পাবেন। এছাড়া চলতি বছর থেকে বাজারভিত্তিক মুনাফা দেওয়া হবে। ব্যাংকটি সর্বোচ্চ ১০ শতাংশ মুনাফার হার ঘোষণা করেছে।
গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে সব ব্যাংকের প্রশাসক বরাবর চিঠি দিয়ে নতুন সিদ্ধান্ত জানানো হয়। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হচ্ছে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক।
গত ১৪ জানুয়ারি সব ব্যাংকের প্রশাসককে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সব আমানতের কোনো মুনাফা নেই বলে বিবেচনা করা হবে। কেউ মুনাফা তুলে থাকলে হেয়ারকাট তথা মূল থেকে সমন্বয় করা হবে। এ নিয়ে আমানতকারীদের মধ্যে বিতর্ক তৈরি হয়।
এমন পরিস্থিতিতে এখন নতুন করে চার শতাংশ মুনাফা দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। শুধু ব্যক্তিগত ও মেয়াদি আমানতের ক্ষেত্রে এই মুনাফা কার্যকর হবে। অন্য আমানতকারীরা মুনাফা পাবেন না।

নিজস্ব প্রতিবেদক