ই-রিটার্ন দাখিল সুবিধার্থে প্রবাসীরা ই-মেইলে পাবে ওটিপি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের অনলাইনে রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের সুবিধার্থে মোবাইলফোনের পরিবর্তে তাঁদের নিজস্ব ই-মেইলে ওটিপি প্রেরণের মাধ্যমে স্পেশাল রেজিস্ট্রেশনের ব্যবস্থা গ্রহণ করেছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানিয়েছে।
আল আমিন শেখ এক বার্তায় জানায়, যে সকল করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা মোবাইলফোন ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত হয়েছেন কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করছেন বিধায় মোবাইলফোনের ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে পারছেন না, তাদের জন্য এনবিআর সম্প্রতি ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করেছে। এক্ষেত্রে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতার পরিচিতি নিশ্চিত করার জন্য তাঁর পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ভিসা পেজের কপি, বিদেশের ঠিকানা, বিদেশে ব্যবহৃত করদাতার মোবাইলফোন নম্বর ও বাংলাদেশ ত্যাগের সর্বশেষ তারিখের তথ্যসহ নিজ ই-মেইল হতে ereturn@etaxnbr.gov.bd ই-মেইলে এনবিআর বরাবর ই-মেইল ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হবে।
আরও জানায়, এনবিআর কর্তৃক ওই আবেদন পরীক্ষান্তে তাঁর তথ্য যাচাই করে ই-মেইল ভেরিফাই করলে করদাতা ভেরিফাইড ই-মেইলের মাধ্যমে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেটসহ রেজিস্ট্রেশন এবং ই-রিটার্ন দাখিল সংক্রান্ত অন্যান্য কাজ সহজেই করতে পারবেন। অনলাইনে ই-রিটার্ন দাখিল পদ্ধতি সহজতর হওয়ায় ২০২৫-২৬ করবর্ষে করদাতারা বিপুল সাড়া দিয়ে এ পর্যন্ত প্রায় ৩৯ লাখ আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। এনবিআর সকল ব্যক্তি করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য অনুরোধ করছে।

নিজস্ব প্রতিবেদক